দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

২০২৬ সালের দাখিল পরীক্ষায় উত্তরপত্রের ওএমআর ফরমের ‘টপ পোর্টশন’ মূল উত্তরপত্র থেকে আলাদা না করে বোর্ডে পাঠানোর ঘটনায় ১৪০ জন শিক্ষক-কর্মচারীকে পরীক্ষা-সংক্রান্ত দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড। দায়িত্ব পালনে অবহেলা এবং পরীক্ষা পরিচালনার নির্দেশনা না মানার কারণে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের শৃঙ্খলা কমিটির ১২১তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. ফারুক আহম্মেদের সই করা বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
এতে জানানো হয়েছে, দাখিল পরীক্ষার উত্তরপত্রের ওএমআর ফরমের শীর্ষ অংশ বা ‘টপ পোর্টশন’ নির্ধারিত নিয়মে মূল উত্তরপত্র থেকে আলাদা করে বোর্ডে পাঠানোর কথা। কিন্তু কয়েকটি কেন্দ্র থেকে ওই অংশ আলাদা না করেই উত্তরপত্র পাঠানো হয়। এতে পরীক্ষার গোপনীয়তা ও মূল্যায়ন কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়।
পরীক্ষা পরিচালনার নিয়ম অনুযায়ী, কক্ষ প্রত্যবেক্ষক, পরীক্ষা পরিচালনা উপ-কমিটির সদস্য ও কেন্দ্র সচিবদের উত্তরপত্র সঠিকভাবে প্রস্তুত ও পাঠানোর বিষয়টি নিশ্চিত করার দায়িত্ব ছিল। কিন্তু সংশ্লিষ্টরা সেই দায়িত্ব যথাযথভাবে পালন করেননি বলে বোর্ডের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এতে পরীক্ষা পরিচালনা ম্যানুয়াল ও বোর্ডের নির্দেশনা অমান্য হয়েছে বলে জানানো হয়।
শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, গাজীপুর, ফরিদপুর, মানিকগঞ্জ, নরসিংদী, ময়মনসিংহ, পাবনা, সিরাজগঞ্জ, ঠাকুরগাঁও, গাইবান্ধা, বাগেরহাট, নড়াইল, বরিশাল, পটুয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, রাঙামাটি, কুমিল্লা, চাঁদপুর, সিলেট ও হবিগঞ্জসহ বিভিন্ন জেলার কেন্দ্র সচিব, পরীক্ষা পরিচালনা উপ-কমিটির সদস্য ও কক্ষ প্রত্যবেক্ষকদের মধ্যে ১৪০ জন এ ব্যবস্থার আওতায় পড়েছেন।
সিদ্ধান্ত অনুযায়ী, এসব শিক্ষক-কর্মচারীকে ২০২৭ সাল পর্যন্ত কেন্দ্র ও বোর্ডের পরীক্ষা-সংক্রান্ত সব ধরনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের কাছে বিজ্ঞপ্তির অনুলিপি পাঠানো হয়েছে।
/অ